বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম সুমনের বিরুদ্ধে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের ১১ সদস্য।
শুক্রবার (২৬ আগস্ট) বিকালে পুঙ্গলী ইউনিয়নের শালিকা বাজারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ইউপি সদস্যরা। সংবাদ সম্মেলনে সাধারণ ও সংরক্ষিত ১২ সদস্যের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্যরা অভিযোগ করে বলেন, চলতি বছরের ৫ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হোন। পরে ১৪ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যদের কার্যক্রম শুরু হয়েছে। মূলত এরপর থেকেই চেয়ারম্যান সাজেদুল ইসলামের সীমাহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েছেন।
ইউপি সদস্যদের অভিযোগ, কাবিটা প্রকল্পের মেঘডুম্বর খেয়াঘাট হতে শ্রীগোবিন্দপুর অভিমুখে রাস্তা নির্মাণ কাজের ৪ লাখ পাঁচ হাজার টাকার কাজ না করেই বিল উত্তোলন করে আত্মসাৎ করেছেন চেয়ারম্যান।
অন্য দিকে টিআর প্রকল্পের পুঙ্গলী ইউনিয়নের উন্নয়নমূলক কাজের তিন লাখ টাকা, বিল চান্দক সাব মার্সিবল রোড হতে খেলার মাঠ অভিমুখে রাস্তা সংস্কারের এক লাখ ৪০ হাজার টাকা, দিঘুলিয়া মাদরাসা হতে বাহাদুর খার জমি পর্যন্ত ক্যানাল মেরামত বাবদ এক লাখ ১৫ হাজার টাকার কোনো কাজই দৃশ্যমান হয়নি।
এছাড়া ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে শ্রমিকদের সাক্ষর/টিপসই জাল করে কাজ না করেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। তিনটি মাটির রাস্তার কাজে ২২ লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে। ইউপি মেম্বরদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই তাদের হুমকি-ধমকি দিয়ে এসব টাকা আত্মসাৎ করা হয়। নিত্যদিন বহিরাগতদের নিয়ে পরিষদ চত্বরেই চেয়ারম্যান মাদক ও জুয়ার আসর বসান।
ইউপি সদস্য গোলজার হোসেন, আবু সাইদ, রবিউল ইসলাম, মন্টু প্রামাণিক অভিযোগ করে বলেন, তাদের সাথে কোনো প্রকার আলোচনা বা সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছাচারিতা করছেন চেয়ারম্যান সাজেদুল ইসলাম সুমন। তিনি পেশিশক্তি, হুমকি-ধমকি এবং বহিরাগতদের নিয়ে পরিষদ চত্বরেই চেয়ারম্যান মাদক সেবন করেন বলে অভিযোগ ইউপি সদস্যদের। এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগে তারা অবিলম্বে ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম সুমনের পদত্যাগ দাবি করেন।
এসব অভিযোগ তুলে তদন্তের দাবিতে দুদক, স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি সদস্যরা।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য গোলজার হোসেন, আবু সাইদ, রবিউল ইসলাম, মন্টু প্রামাণিক, সোহেল রানা, মুকুল হোসেন সরদার, মাহাতাব উদ্দিন, আসমা খাতুন, শাপলা খাতুনসহ ১১ সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম সুমন বলেন, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। যেসব প্রকল্পের কথা বলা হয়েছে সেগুলো ট্যাগ অফিসার নিয়োগ করা ছিল। তারা কাজ দেখে তারপর বিল দিয়েছে। একটি প্রকল্পের কাজ করা হয়নি বন্যার পানি থাকার কারণে।
পানি নেমে গেলে কাজ করা হবে। আর কর্মসৃজন প্রকল্পে শ্রমিকদের মোবাইলে টাকা আসে ঢাকা থেকে। এখানে কোনো অনিয়ম বা দুর্নীতি করা হয়নি।মাদক সেবনের প্রশ্নই আসে না। পাগলামো করে তারা এমন অভিযোগ করছে।
এ বিষয়ে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. জেসমিন আরাকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।